মালদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল - The News Lion

মালদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

 


দি নিউজ লায়ন; মালদায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো।  দলের প্রাক্তন সভাপতি সঞ্জিত মিশ্রকে আচমকাই বহিষ্কার করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান বিজেপির একাংশ নেতা,কর্মীরা। বুধবার দুপুরে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোরে বিজেপির কর্মীদের তরফ থেকে এই অবস্থান-বিক্ষোভ করা হয়। সেখানে দলের জেলার একাংশ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারী বিজেপির নেতাকর্মীরা। অন্যায় ভাবে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্রকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি তোলা হয়। 


দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রতিবাদ করার জন্যই প্রাক্তন সভাপতি সঞ্জিত মিশ্রকে বহিস্কার করা হয়েছে বলেও দাবি তুলেছেন বিক্ষোভকারী নেতাকর্মীরা । এদিন প্রায় দেড় ঘন্টা ধরে চলে বিজেপির বিক্ষোভ । যার কারনেই বিজেপির জেলার দলীয় কোন্দল এবার প্রকাশ্য রাস্তায় চলে এসেছে। আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। যদিও এপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন, সঞ্জিত মিশ্রকে রাজ্য নেতৃত্ব বহিষ্কার করেছে।


 দলের জেলার পক্ষ থেকে তার কাছে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এখন কারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছে, তা বলতে পারব না। যারা বিক্ষোভ দেখিয়েছে তারা দলের কেউ নয়। এদিন বিজেপির বহিস্কৃত হওয়া প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্রের অনুগামীরা ফোয়ারা মোড়ে বিক্ষোভ দেখিয়ে রীতিমতো দলের একাংশ নেতৃত্বকে সতর্ক করেছেন। এবং তারা যে তোষণ করে দল চালাচ্ছে সেই অভিযোগ করেছেন। মালদার আম  আর রসগোল্লা খাইয়ে রাজ্যের একাংশ নেতাদের হাতে রাখার চেষ্টা চালাচ্ছে বর্তমান জেলার বিজেপি নেতৃত্ব এমনও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী নেতাকর্মীরা।


এদিকে বহিস্কৃত হওয়া বিজেপির জেলার প্রাক্তন সভাপতি সঞ্জিত মিশ্র বলেন,  জীবন দিয়ে দল করেছি । আর তার প্রতিদান স্বরূপ এভাবেই মিলেছে। যারা আদি কর্মী, নির্বাচনে যারা কাজ করেছেন তাদেরকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে না। অথচ তৃণমূল থেকে আসা নেতাদের প্রাধান্য দিচ্ছে দল। এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনা শুরু হয়েছিল। মানুষ এর জবাব দিবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.